সংরক্ষণ বা রক্ষার জন্য প্রার্থনা (#8439)

হে প্রভু, আমার ঈশ্বর, তোমার জয় হউক। আমি তোমারই সেবক, তোমারই স্বাভাবিক আনুকূল্যে তোমার অপার করুণামৃত পান করিতে সমর্থ হইয়াছি এবং তোমার যুগে তোমার অনুগ্রহের আস্বাদন লাভ করিয়াছি। আমি তোমার সেই পবিত্র নামাবলীর প্রেমবন্দনার সাহায্যে নিবেদন করিতেছি যে, কোন দুঃখ কষ্টই তোমার প্রেমে উল্লসিত হইতে অথবা তোমার দর্শনাকাঙ্খায় আত্মবিভোর হইতে যাহাকে বাধা দিতে পারে না এবং অচেতনতা কিংবা ধর্মহীনতার কোন শক্তিই যাহাকে পথভ্রষ্ট করিতে পারে না, তুমি তোমার সেই সেবককে তোমার সৎবস্তুসমূহ প্রদান কর এবং এত উচ্চতর স্তরে উন্নীত কর যাহাতে সে এই সৃষ্ট জগতকে এক অতি ক্ষণস্থায়ী প্রতিবিম্বরূপে মনে করিতে পারে।
অধিকন্তু হে প্রভু, তোমার অপরিমেয় রাজোচিত মর্যাদার শক্তিবলে তাহাকে তোমার সমস্ত ঘৃন্য বস্তুসমূহ হইতে রক্ষা কর। সত্যই তুমি তাহার প্রভু ও সর্বজগতের প্রভু।

-Bahá'u'lláh
-----------------------

